সালাউদ্দিন বললেন আশরাফুলের কৃতিত্ব প্রাপ্য – MZamin
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল মিরপুর টেস্টের প্রথম দিন শেষে তিন উইকেটে ২৭১ রান তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ। ঘরের মাঠে সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হুট করেই ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় মোহাম্মদ আশরাফুলকে। তার জায়গায় এই সিরিজের জন্য বিসিবি দায়িত্ব সমর্পণ করে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই ব্যাটারদের রান পাওয়ায় খুশি সালাউদ্দিনও। তবে অর্জনের কৃতিত্ব নিজের পকেটে ভরেননি তিনি। কৃতিত্ব তুলে দিয়েছেন সদ্য সাবেক ব্যাটিং কোচ আশরাফুলকে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখানে খুব বেশি পরিবর্তন করার কিছু নেই। আশরাফুল এখানে ছিল, ব্যাটসম্যানদের নিয়ে এক বছর অনেক কাজ করেছে। হয়তো ফলাফল মাঝে মাঝে এসেছে, মাঝে মাঝে আসেনি। হয়তো এই ফলটা এখন আসছে। আমি মনে করি না, আমি এখানে এসে মজা নিচ্ছি। পূর্ববর্তী সময়ে সে অনেক কাজ করেছে, আর আমরাও খুব বেশি সময় পাইনি। আমার মনে হয়, পুরো কৃতিত্বটাই আশরাফুলের। সে গত এক বছর ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছে। তাদের মানসিকভাবে সামান্য বা বড় পরিসরে সাহায্য করে থাকলে, সেই কৃতিত্বও তার প্রাপ্য।’
একদিকে দলের সংগ্রহের ভিত্তি তৈরি হলেও ক্রিজের অপর প্রান্তে সাদমান ইসলামকে নিয়ে মূল্যায়ন তুলে ধরেন সালাউদ্দিন। ২১৯ বলে ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন এই ওপেনার। দেশের হয়ে ৩২ টেস্ট খেলা সাদমানের ঝুলিতে দুইটি সেঞ্চুরির পাশে রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি। এসব হাফ সেঞ্চুরির মধ্যে পাঁচটিতেই ৭০ রানের সীমা
অতিক্রম করে আউট হন তিনি। ৫০ রান পার করে সেগুলোকে তিন অঙ্কে রূপ দেয়ার ব্যাপারে সালাউদ্দিন বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় ও নিজেও হয়তো বিষয়টি বুঝতে পারছে, কিংবা এ নিয়ে কোচের সঙ্গে কথা বলেছে। ওর কনভারশন রেটটা আসলে খুব বেশি না। অনেক ইনিংসেই খুব ভালো, দাপুটে ৫০ করেছে, কিন্তু সেটাকে লম্বা করতে পারেনি। হয়তো মাঝের কোনো পর্যায়ে ওর প্রক্রিয়ায় সমস্যা ছিল।’ তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, এই ইনিংসটা ওকে অনেক কিছু শেখাবে। ও নিজেই খুঁজে বের করছে, ওই সময়টায় কী করা উচিত। আশা করবো, এই ইনিংস থেকে শেখা বিষয়গুলো ভবিষ্যতে ওকে সাহায্য করবে এবং সেঞ্চুরি করাটা ওর জন্য আরও সহজ হবে।’ প্রথম দিন শেষে তিন উইকেটে ২৭১ রান উঠলেও এখনই আত্মতুষ্টিতে ভাসতে চান না সালাউদ্দিন। পাঁচদিনের টেস্ট ক্রিকেটে একটি দিন খেলেই জয় পাওয়া সম্ভব নয় বলে মনে করেন তিনি। বোলারদের সম্ভাবনা প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয়, এখানে বোলারদের জন্য কিছু আছে। বোলাররা ভালো বল করলে এখান থেকে অনেক সহায়তা পেতে পারে। আমার মনে হয়, আমাদের ব্যাটাররা পরিস্থিতিগুলো ভালোভাবেই সামলাচ্ছে। তবে টপ অর্ডার আরও ভালো করতে পারতো। একটু লোভ সামলাতে পারলে তারা আরও ভালো অবস্থানে থাকতে পারতো।’
আপনার মতামত লিখুন