সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক
সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক
0:00 0:00

সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক

বাংলাদেশ
সংসদে সৌরবিদ্যুৎ স্থাপন বিল উত্থাপন, অধ্যাদেশ জারির বৈধতা নিয়ে নাজিবুর–আইনমন্ত্রী বিতর্ক

নাজিবুর রহমান ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে। তবে বিলটি উত্থাপনের আগে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারির প্রক্রিয়া নিয়ে বিরোধী দলের সদস্য নাজিবুর রহমানের আপত্তিকে কেন্দ্র করে সংসদে বিতর্ক হয়। সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে কি না, তা নিয়ে নাজিবুর রহমান ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য হয়।

আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। গতকাল সোমবার অধ্যাদেশটি সংসদে তোলা হয়। সেই অধ্যাদেশ রহিত করে আইন প্রণয়নের জন্য আজ বিলটি সংসদে আনা হয়।

বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেন্ডিসার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় আছে তারা ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলে (ক্যাপিটাল এক্সপেন্ডিসার মডেল) সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে।

বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার উদ্দেশে গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হবে।

বিলে ক্রয় সংক্রান্ত বিশেষ বিধান রাখা হয়েছে। তাতে বলা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত হবে। বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের স্বার্থে সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) ব্যবহার আবশ্যক হবে না।

বিলটিতে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা প্রদানের জন্য একটি জাতীয় পলিসি কাউন্সিল গঠন করা হবে। জেলা পর্যায়ে থাকবে ‘জেলা কারিগরি ও সমন্বয় কমিটি’। কোনো ব্যক্তি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা তার কোনো যন্ত্রাংশ চুরি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত বিদ্যুৎ থেকে গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ ক্রয়ের লক্ষ্যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে।

বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, প্রচলিত আইন ও বিধিবিধানের আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানির প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ভবনের ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকায় গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়। উক্ত অধ্যাদেশে ওপেক্স ও ক্যাপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপন, সার্ভিস প্রোভাইডার নির্বাচন, ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন, বিশেষ ক্রয় পদ্ধতি, নেট-মিটারিং প্রণোদনা এবং জাতীয় ও স্থানীয় পর্যায়ে সমন্বয় ও তদারকির বিধান সংযোজন করা হয়েছে। দেশে সৌরবিদ্যুতের দ্রুত ও টেকসই সম্প্রসারণ নিশ্চিতকল্পে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬ ’-এ রূপান্তর করা প্রয়োজন।

নাজিবের প্রশ্ন

বিলটি উত্থাপনের আগে আপত্তি জানান বিরোধী দলীয় সদস্য নাজিবুর রহমান। তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের সার্বভৌমত্বের লঙ্ঘন। এ বিষয়ে আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

নাজিবুর রহমান বলেন, একটা অধ্যাদেশকে বিল হিসেবে আনা হয়েছে। যে প্রক্রিয়ায় এটা আনা হয়েছে, এটা সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতির তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত জাতীয় নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাই মাসে দেওয়া হয়েছিল। এরপর ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্রিক প্রণোদনা দেওয়া হয় ১ সেপ্টেম্বর। তখন সংসদ চলমান ছিল। সংসদের অধিবেশন শেষ হয় ১০ সেপ্টেম্বর। এর পর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়, যা এখন বিল আকারে সংসদে আনা হয়েছে। একটি কার্যকর সংসদ থাকা সত্ত্বেও সংসদকে এবং সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করার প্রয়োজন হলো কেন, তার ব্যাখ্যা দিতে হবে।

জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, নাজিবুর রহমানের ব্যাখ্যা বিভ্রান্তিমূলক। তিনি বলেন, সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করলে তাঁর সন্তুষ্টির বিষয়টি রাষ্ট্রপতির নিজস্ব বিবেচনার ওপর নির্ভর করে। এ বিষয়ে আদালতেও প্রশ্ন তোলার সুযোগ নেই।

আইনমন্ত্রী আরও বলেন, এই পার্লামেন্ট আইন প্রণয়নে সার্বভৌম। পার্লামেন্ট আইন প্রণয়নের যে প্রক্রিয়ায় সার্বভৌম, সেই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি হাত দিতে পারেন না। কিন্তু ৯৩-এর ওয়ানে রাষ্ট্রপতির স্যাটিসফ্যাকশনের ওপরে এই পার্লামেন্টের হাত দেওয়ার ক্ষমতা নাই।

আইনমন্ত্রী ও নাজিবুর রহমানের মধ্যে বিতর্কের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি আনার কারণ ব্যাখ্যা করেন। এরপর স্পিকার বিলটি উত্থাপনের অনুমতি দেওয়ার প্রস্তাব সংসদে ভোটে দেন। কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়। পরে বিদ্যুৎমন্ত্রী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত