খাওয়াজার বিস্ফোরক মন্তব্যের জবাব দিলেন অজি পেসার – MZamin
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৮ সালের কেপটাউন টেস্টে আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বা বল বিকৃতি কেলেঙ্কারি নিয়ে উসমান খাওয়াজার বিস্ফোরক দাবির কড়া জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ান গতি তারকা মিচেল স্টার্ক। খাওয়াজার আত্মজীবনী ‘সবর’ (Sabr)-এ পুরো দল বল বিকৃতির কথা জানত—এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বাঁহাতি এই পেসার স্পষ্ট করেছেন, তৎকালীন ড্রেসিংরুমে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়ে তিনি বা দলের বোলাররা কিছুই জানতেন না। খাওয়াজার দাবির পর প্রথম বর্তমান অজি ক্রিকেটার হিসেবে মুখ খুলে স্টার্ক তার পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজকে দেয়া বক্তব্যে স্টার্ক বলেন, ‘আমার মত এবং স্মৃতির কোনো পরিবর্তন হয়নি, ২০২১ সালে আমরা যা বলেছিলাম আজও সেটাই সত্যি। মাঠে কোনো কিছু এনে বল বিকৃতি করা হচ্ছে—এ বিষয়ে আমরা কিছুই জানতাম না। কেপটাউনে জায়ান্ট স্ক্রিনে ভিডিও ফুটেজ দেখে আমরা প্রথম এটি দেখতে পাই।’
সাবেক অজি ওপেনার উসমান খাওয়াজা তার বইয়ে দাবি করেছিলেন, কেপটাউনে বল বিকৃতির চক্রান্তের কথা কেবল নির্দিষ্ট তিন ক্রিকেটার নন, পুরো ড্রেসিংরুমই জানত। খাওয়াজার এই বক্তব্যকে ‘১০০ ভাগ সত্য’ বলে সমর্থন জানিয়েছেন ১ বছরের নিষেধাজ্ঞা ভোগ করা ডেভিড ওয়ার্নারও। তবে স্টার্কের বিপরীতমুখী বক্তব্যে দুই সাবেক সতীর্থের মুখোমুখি অবস্থানের চিত্র ফুটে উঠেছে। বিতর্ক পুনরুজ্জীবিত হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়ে দিয়েছেন, আট বছর আগের ওই ঘটনা নিয়ে নতুন করে কোনো তদন্ত করা হবে না। তৎকালীন তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টই সরাসরি যুক্ত ছিলেন এবং সংস্থাটি তাদের পুরোনো সিদ্ধান্তে স্থির রয়েছে। এদিকে খাওয়াজা জানিয়েছেন, কারো প্রতি ব্যক্তিগত শত্রুতা বা বই বিক্রির প্রচারণার জন্য তিনি এই মন্তব্য করেননি। এবিসি-র ‘৭.৩০’ অনুষ্ঠানে খাওয়াজা বলেন, ‘আমি এখানে কারও ওপর দোষ চাপাতে বা কাউকে ছোট করতে আসিনি। আমি কেবল চেয়েছি দল হিসেবে আমরা যেন সবাই একসঙ্গে এই ঘটনার দায় স্বীকার করি।’
আপনার মতামত লিখুন