২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি – MZamin
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি – MZamin
0:00 0:00

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি – MZamin

খেলা
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি – MZamin
নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৩:৪১ এএম

কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ বাড়ালো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সবকিছু ঠিক থাকলে টানা তিনটি বিশ্বকাপে আর্জেন্টিনার ডাগআউটে দেখা যাবে বিশ্বকাপজয়ী কোচকে। বৃহস্পতিবার নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। আগের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তি পূর্ণ করতে পারলে আর্জেন্টিনার ইতিহাসে প্রথম কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্ব পালনের কীর্তি গড়বেন ৪৮ বছর বয়সী স্কালোনি।

লিওনেল মেসির হাত ধরে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপের ফাইনালে তোলেন স্কালোনি। এবার তার কাঁধেই থাকছে মেসি-পরবর্তী যুগের দায়িত্ব। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর আর্জেন্টিনার ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করেন তিনি। তার অধীনেই ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। চলতি বছরের বিশ্বকাপেও দলকে ফাইনালে তোলেন তিনি। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় তিনবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ ফাইনালের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন স্কালোনি। তবে শেষ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চুক্তি নবায়নের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ভালোভাবে চিন্তাভাবনা করে, আমার কোচিং স্টাফ এবং কাছের মানুষদের সঙ্গে আলোচনা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি। সামনে এগিয়ে যাওয়ার জন্য দায়িত্ব চালিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ। চুক্তির বিষয়ে আমাদের সমঝোতাও খুব দ্রুত হয়েছে।’

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটি আর্জেন্টাইন ফুটবলের জন্য সবচেয়ে ভালো ফলাফল। সবাই এটাই চেয়েছিল, আমরাও এটাই চেয়েছিলাম।’

মেসি-পরবর্তী প্রজন্ম গড়ার চ্যালেঞ্জ

স্কালোনির সামনে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেসি-পরবর্তী আর্জেন্টিনা গড়ে তোলা। জাতীয় দল থেকে মেসির অবসরের পাশাপাশি বয়সের কারণে কয়েকজন অভিজ্ঞ ফুটবলারও ২০৩০ বিশ্বকাপে থাকবেন না। ফলে তরুণদের নিয়ে নতুন দল সাজানোর পরিকল্পনা শুরু করতে হচ্ছে তাকে।

স্কালোনি বলেন, ‘আমাদের প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় শুরু হচ্ছে। যারা তরুণ হিসেবে উঠে আসছে, তাদের সুযোগ দিতে হবে। তাদের মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে। তবে মেসি, আনহেল ডি মারিয়া কিংবা নিকোলাস ওতামেন্দির মতো অবদান রাখার জন্য তারা হয়তো এখনো পুরোপুরি প্রস্তুত নয়।’

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি কে পরবেন, তা নিয়েও রয়েছে আগ্রহ। তবে আসন্ন উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে জার্সিটি কাউকে দেয়া হবে না বলে জানান স্কালোনি। তিনি বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কাকে ১০ নম্বর জার্সি দেয়া হবে। বাধ্যতামূলক না হওয়া পর্যন্ত এ নিয়ে সিদ্ধান্ত নেব না। যখন প্রয়োজন হবে, তখন দেখা যাবে কে এটি পাবে। তবে আমরা চাই, যাকে দেয়া হবে, সে যেন দীর্ঘ সময়ের জন্য জার্সিটির প্রকৃত উত্তরাধিকারী হয়ে উঠতে পারে। বারবার একজনের কাছ থেকে আরেকজনের কাছে ১০ নম্বর জার্সি তুলে দিতে চাই না।’