টানা তৃতীয় হার বাংলাদেশের – MZamin
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয় ম্যাচে হারলো বাংলাদেশ জাতীয় হকি দল। পাঞ্জাবের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে হার দেখেন জিমি-আশরাফুলরা। মালয়েশিয়ার পক্ষে জোড়া গোল করেন আবু কামাল আজরাই। একটি করে গোল করেন আখিমুল্লাহ আনুয়ার, আজিমউদ্দিন কামারুদ্দিন, শেল্লো সিলভেরিয়াস ও আইমান রোজেমি। পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে একটি গোল শোধ দেন আমিরুল ইসলাম।
ফেবারিট হিসেবে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামে মালয়েশিয়া। হকির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তারা ১৩তম। বিপরীতে বাংলাদেশ ২৭তম স্থানে রয়েছে। ম্যাচের শুরু থেকে র্যাঙ্কিং ও শক্তিমত্তার সেই পার্থক্য স্পষ্ট হয়ে উঠে। প্রথম কোয়ার্টারে কোনো আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। বিপরীতে তিনটি পেনাল্টি কর্নার আদায় করে মালয়েশিয়া। ১৪তম মিনিটে ফিল্ড গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন আবু কামাল আজরাই। দ্বিতীয় কোয়ার্টারের শুরু ও শেষ দিকে আরো দুই গোল হজম করে বাংলাদেশ। মাঝে ২৬ মিনিটের সময় এক গোল শোধ দেন আমিরুল ইসলাম। তৃতীয় কোয়ার্টারে আক্রমণভাগে চাপ বাড়িয়ে ছয়টি পেনাল্টি কর্নার পায় মালয়েশিয়া। সেখান থেকে আরো দুটি গোল আদায় করে নেয় তারা। চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো এক গোল হজম করলে ৬-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে পিটার গেরহার্ডের শিষ্যরা। ম্যাচে মালয়েশিয়া ১২টি পেনাল্টি কর্নারের পাঁচটি কাজে লাগায়। অন্যদিকে ৬টি পেনাল্টি কর্নারের একটি কাজে লাগাতে পারে বাংলাদেশ। তিন ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে মালয়েশিয়া। শতভাগ হার নিয়ে তলানিতে বাংলাদেশ। টুর্নামেন্টে ২০ গোল হজমের বিপরীতে কেবল একটি গোল করেছে লাল-সবুজ প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর জাপানের বিপক্ষে লড়াই করে (১-০) হারেন আমিরুল-জিমিরা।
আপনার মতামত লিখুন