বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ – MZamin
বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ – MZamin
0:00 0:00

বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ – MZamin

খেলা
বিশ্বকাপে রানার্সআপ বাংলাদেশ – MZamin
নিউজ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৬, ৬:০২ এএম

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬-এর টায়ার ‘ই’-এর ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। ১৮৯টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় টায়ার ‘ই’-এর রানার্সআপ হয়ে সার্বিকভাবে ১৩০তম স্থান অর্জন করেছে লাল-সবুজের কিশোররা।

ফাইনালে শুরু থেকেই চড়াও হয়ে খেলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ১৪তম মিনিটে মোইয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। এর চার মিনিট পর পেনেলের শটে ব্যবধান দ্বিগুণ হলে চাপে পড়ে বাংলাদেশ।২৩তম মিনিটে বাংলাদেশকে ম্যাচে ফেরার আশা দেখিয়ে ব্যবধান কমান তাকিব (২-১)। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিটের মাথায় মোই নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ৩৯তম মিনিটে মোই হ্যাটট্রিক পূর্ণ করলে ৪-১ গোলের বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর অনেক চেষ্টা চালালেও প্রতিপক্ষের শক্ত রক্ষণব্যূহ আর ভাঙতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

ফাইনালে হার দিয়ে টুর্নামেন্ট শেষ হলেও বিশ্বমঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের পুরো যাত্রাটি ছিল দারুণ লড়াকু। কোয়ালিফিকেশন রাউন্ডে ৬ দলের মধ্যে পঞ্চম হয়ে পরের ধাপে টায়ার ‘ই’-তে জায়গা পায় দল। এরপর নকআউট পর্বে সেশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে এবং কোয়ার্টার ফাইনালে মন্টেনিগ্রোকে ৪-০ গোলে হারানোর পর, সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছিল বাংলার কিশোররা।​