কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।
আজ সন্ধ্যা ৬টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।
বৈঠকে সরকারপ্রধান কী নির্দেশনা দিয়েছেন, সেই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন যাতে পোশাক শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন ও উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রপ্তানি যাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সমস্ত বিষয়ে লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ গ্রহণ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি যারা সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
আপনার মতামত লিখুন